এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় গভীর রাতে তরমুজবোঝাই একটি ট্রলারে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালিয়েছে। এসময় গণপিটুনিতে একজন ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন এলাকার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। ডাকাতদলের হামলায় ট্রলারে থাকা ৮ জন আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে ৫ মালিকের ১০ হাজার পিস তরমুজ নিয়ে একটি ট্রলার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত আড়াইটার দিকে ৭ সদস্যের সংঘবদ্ধ ডাকাতদল ওই ট্রলারে হামলা চালায়। ডাকাতদের হামলায় শহিদুল মাতব্বর, মেহেদী হাসান ও সেলিম মাঝি গুরুতর আহত হয়েছে।
আহতদের প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বর, ফরহাদ হোসেন, ফয়সাল ও হাবু পেশকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত ৮ জনের বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে।
এদিকে আটক ডাকাতকে গুরুত্বর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, আটককৃত ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশের জিম্মায় পটুয়াখালী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তরমুজ বোঝাই ট্রলারটি বর্তমানে ধূলিয়া লঞ্চঘাটে রাখা হয়েছে।
তরমুজ ব্যবসায়ীরা এ ঘটনায় আতঙ্কিত। তারা নৌপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত