খুলনার পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বর্তমান চিত্র, মাঠপর্যায়ের অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মণ্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষে বিশ্বজিৎ সরদার সভায় অংশ নেন।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, মুহা. বেল্লাল হুসাইন, বিজয় পাল, ফারুক হোসেন, জাবেদ ইকবাল, বাবলুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।
একই সঙ্গে বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নিয়মিত ও সঠিকভাবে মাসিক প্রতিবেদন দাখিল, ডাটা এন্ট্রির অগ্রগতি, প্রচার-প্রচারণা বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে তথ্য আপলোড এবং প্রয়োজনীয় অ্যাপস ইনস্টলসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত