সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদ পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর রবিউল ইসলামের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় কপোতাক্ষ নদের চরে বাধা একটি নৌকার কাছির সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করছিলেন। জানা গেছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় কপোতাক্ষ নদ পার হওয়ার সময় হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন রবিউল ইসলাম।
গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান জানান, ঘটনার দিন রবিউল পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে ফেরার পথে মাহমুদকাটি বালিয়া খেয়াঘাটে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেছেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত