আবুল হাসনাত তুহিন ফেনী:-আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারাদেশের মতো ফেনীতেও বইছে ফুটবল উন্মাদনার হাওয়া। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের এক বর্ণাঢ্য র্যালি।
শুক্রবার বিকেলে শহরের ফেনী কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী, ক্রীড়ানুরাগী ও ব্রাজিল সমর্থকরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্রিয় দলের জার্সি। র্যালির পুরো পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং আনন্দঘন পরিবেশ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। র্যালির চলাকালে আর্জেন্টাইন সমর্থকরা ব্রাজিল সমর্থকদেরকে ফুল দিয়ে বরণ করতেও দেখা গিয়েছে।
র্যালির শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফুটবল বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের নাম। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তারা সকল সমর্থকদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দলীয় সমর্থনের ভিন্নতা থাকলেও খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় ব্রাজিল সমর্থকদের র্যালি ও মিলনমেলার আয়োজন করা হচ্ছে। ফেনীর এই আয়োজনও সেই বিশ্বকাপ উন্মাদনারই অংশ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত