শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড) বিটিসিএল অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তাদেরকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার ও পাশ্ববর্তী নকলা পৌর শহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন- নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের ছেলে আমির হামজা (৩০) ও পাশ্ববর্তী নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের ছেলে নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।
থানা পুলিশ জানায়, গত বুধবার (১৬ এপ্রিল) কোনো একসময় বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়ে যায়। এদিন রাতে ওই অফিসে কোনো নিরাপত্তাকর্মী বা কর্মচারী ছিলেন না। পরদিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারী চুরি হয়েছে দেখতে পান।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত থাকার সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে বিটিসিএল অফিসের ব্যাটারী চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন।
এদিকে,আমির হামজার দেওয়া তথ্যমতে পাশ্ববর্তী নকলা উপজেলার পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ও নকলা পৌরসভার ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারী উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, বাকী ব্যাটারিগুলো উদ্ধার ও অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত