খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা–খাগড়াছড়ি সড়কের ৯ মাইল ত্রিপুরা পাড়ায় অবস্থিত বিয়ারৌং অনাথ আশ্রমের প্রতিষ্ঠার ৩৩ বছর পূর্তি উপলক্ষে ত্রিবার্ষিক সাধারণ সভা ও ১১তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আশ্রম কার্যনির্বাহী কমিটির সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মণীন্দ্র লাল ত্রিপুরা, আশ্রমের আজীবন সদস্য অমৃত লাল ত্রিপুরা এবং হেডম্যান গরেন্দ্র লাল ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, সবাই মিলে এই আশ্রমকে আগলে না রাখলে অনাথ ও দুস্থ শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। তিনি আশ্রমের উন্নয়নে বরাদ্দ প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন এবং আশ্রম তহবিলে পাঁচ লক্ষ টাকা ও ৫০টি কম্বল প্রদানের ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে মণীন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষায় অগ্রগতি আনতে এ ধরনের আশ্রমগুলোকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, নেতৃত্বের উদাসীনতার কারণেই ত্রিপুরা জনগোষ্ঠীর কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হয়েছে।
অমৃত লাল ত্রিপুরা বলেন, এই অনাথ আশ্রমের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আশ্রম কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক কাজল বরণ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী কার্বারী অঞ্জলী ত্রিপুরা, বিনন্দ ত্রিপুরা এবং ইয়াক বাকসা সংঘের সভাপতি রাতুল ত্রিপুরা।
অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন আশ্রমের নিবাসী ও খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দোলনা ত্রিপুরা। তিনি বলেন, আশ্রমে থাকার সুযোগ না পেলে তার পড়াশোনা সম্ভব হতো না; এখন এই আশ্রমই তার অভিভাবক।
সভায় ত্রিবার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন আশ্রম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকিশোর ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি গনেশ চন্দ্র ত্রিপুরা।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পরিমল জ্যোতি ত্রিপুরাকে সভাপতি ও চন্দ্রকিশোর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মণীন্দ্র লাল ত্রিপুরা। কাউন্সিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে শক্তিপদ ত্রিপুরা ও কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ একদল উদ্যমী তরুণের মানবিক উদ্যোগে বিয়ারৌং অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয়।
দারিদ্র্য, অশিক্ষা, অনাথতা ও সামাজিক অসুবিধার বিরুদ্ধে দাঁড়িয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত