মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় ধানের শীষের প্রার্থী মো. নূরুজ্জামান লিটনের সমর্থনে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(২২ জানুয়ারী) বিকেলে বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দান হতে বিশাল ঐ প্রচার মিছিল বের করা হয়। শার্শা ও বেনাপোল এলাকার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন ধানের শীষের মনোনীত প্রার্থী নূরুজ্জামান লিটন নিজে। এসময় তার সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা "আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬" উপলক্ষে নূরুজ্জামান লিটনকে বিজয়ী করার আহ্বান জানান। মিছিল থেকে "ধানের শীষে ভোট দিন" স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় নূরুজ্জামান লিটন বলেন, "সাধারণ মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যেই আমরা রাজপথে আছি।
শার্শা ও বেনাপোলের মানুষের উন্নয়ন ও সেবায় ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা এর প্রতিফলন ঘটাবেন বলে আমার বিশ্বাস"।
মিছিলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ সময় পর নির্বাচনের আমেজ এবং ধানের শীষের পক্ষে এই গণজোয়ার এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। উল্লেখ্য যে, যশোর-১ আসনে এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত