মো.সাহিদুল ইসলাম শাহীন:- বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয় পরিদর্শন করেছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছান। পরিদর্শনের সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রী পারাপারের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এসবি প্রধান সরাসরি ইমিগ্রেশন ও কাস্টমস ডেস্কে গিয়ে ভারতগামী এবং ভারতফেরত পাসপোর্টধারী যাত্রীদের সাথে কথা বলেন। ইমিগ্রেশন সুবিধা ও যাত্রীসেবা পেতে কোনো ধরনের হয়রানি বা অসুবিধা হচ্ছে কি না—সে বিষয়ে সরেজমিনে খোঁজ নেন তিনি।
এছাড়াও ইমিগ্রেশন ডেস্কে বসে পাসপোর্টের প্রশাসনিক ছাড়পত্র প্রদানের গতি ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংবাদ মাধ্যম ও কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি জানান:
যাত্রীদের নিরাপত্তা জোরদার ও দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত ইমিগ্রেশন সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুই দেশের যাত্রীদের পারাপার আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে স্থগিত থাকা বেনাপোল-কলকাতা রেল যোগাযোগ দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেল মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলবেন বলে জানান তিনি।
পরিদর্শনকালে এসবি প্রধানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় পুলিশ প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন:
সৈয়দ রফিকুল ইসলাম (পুলিশ সুপার, যশোর)
মো. শাখাওয়াত হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি)
মো. আরিফ হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার, নাভারন সার্কেল)
সাইফুর রহমান খান (ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেনাপোল ইমিগ্রেশন)
মো. আশরাফ হোসেন (ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেনাপোল পোর্ট থানা) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত