ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কামিনী পাড়ায় বিভিন্ন খেলাধূলার সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং এমাং লাইব্রেরি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে কামিনী পাড়া এমাং লাইব্রেরি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরা।

সভাপতিত্ব করেন এমাং লাইব্রেরি ও কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি দহেন বিকাশ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিটিকেএস পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, ৪মাইল যৌথ খামারের কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, এমাং লাইব্রেরির ভূমিদাতা অজিত মোহন ত্রিপুরা, নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষন ত্রিপুরা, কামিনী পাড়া শিব মন্দিরের পুরোহিত নর ভূষন ত্রিপুরাসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সমাপনী খেলাধুলায় অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। এরপর নবনির্মিত এমাং লাইব্রেরি শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খেলাধুলার মধ্যে ছিল ত্রিপুরাদের প্রাচীন ও ঐতিহ্যবাহী সুকৈ, মহিলাদের জন্য বালিশ -চেয়ার খেলা, হাড়ি ভাঙ্গা।
সাহিত্য প্রতিযোগিতায় ছিল কবিতা ও ছড়া আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং গল্প বলা প্রতিযোগিতা।
বক্তারা লাইব্রেরি প্রতিষ্ঠার এ উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, একটি আলোকিত সমাজ গঠনে পাঠাগারের কোনো বিকল্প নেই।
এসময় তারা উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে লাইব্রেরি উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, বর্তমানে লাইব্রেরি ঘরের নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে কাজ শেষ হলে এখানে নিয়মিতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা, টকশো, পাঠচক্র ও জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বক্তারা অসমাপ্ত লাইব্রেরি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ লাইব্রেরি ভবিষ্যতে এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।
শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত অতিথি ও দর্শকরা এ আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত