“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
শনিবার (৯ আগস্ট) বিকেলে পৌরশহরের কৃষি ব্যাংকের পেছন থেকে শুরু হওয়া একটি রঙিন র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে আদিবাসী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বড় পুকুরপাড়ে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আতিকুল আলী। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আদিবাসী ফোরামের সভাপতি নিতাই সিংহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— ফরিদপুর জেলা আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক সুনাতন সরকার, বোয়ালমারী উপজেলা সভাপতি দুলাল চন্দ্র (কুরি) এবং সাধারণ সম্পাদক কেশব মাহাতো।
আলোচনা সভায় বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানাবিধ সমস্যার কথা তুলে ধরে বলেন, যুগের পর যুগ তারা বৈষম্য, ভূমি হারানো, শিক্ষার সুযোগের অভাব এবং কর্মসংস্থানের সংকটে ভুগছেন।
তারা সরকারের প্রতি পাঁচটি মৌলিক দাবির কথা জোরালোভাবে উপস্থাপন করেন—স্থায়ী ও নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা।
শিক্ষার সমান সুযোগ — মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষায় বিশেষ কোটা সুবিধা।
কর্মসংস্থানের ব্যবস্থা — সরকারি ও বেসরকারি খাতে নিয়োগে প্রাধান্য।
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা — নাচ, গান, পোশাক, ভাষা ও উৎসবের সংরক্ষণ।
ব্যক্তিগত ও সামষ্টিক নিরাপত্তা — বিশেষ করে নারী ও শিশুদের জন্য।
বক্তারা বলেন,“আমরা এই দেশের নাগরিক, অথচ নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রতিদিন সংগ্রাম করতে হয়। আমাদের স্বপ্ন— শিক্ষা, কাজ ও নিরাপত্তা নিশ্চিত করে আগামী প্রজন্মকে গড়ে তোলা।”
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত