শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে উৎস সরকার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর দাসপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত উৎস সরকার ওই গ্রামের উত্তম সরকারের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে ওঠার পর উৎসের মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি বাড়ি থেকে বের হয়ে আশপাশে চলে যায়।
একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে সে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবার ও স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির স্যান্ডেল ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে উৎস সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
ইতোমধ্যে শিশুটির এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা পাগলপ্রায়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া এবং বাড়ির আশপাশের পুকুর বা ডোবা সবসময় নজরে রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত