টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার প্রায় দুই হাজার বন্যাদুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণকালে শেফালিকা ত্রিপুরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত দুর্ভোগ কাটিয়ে উঠতে পারে, সে লক্ষ্যে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রয়োজন অনুযায়ী জেলা পরিষদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা বন্যাকবলিত হয়ে পড়ে। এতে বহু বসতঘর, কৃষিজমি ও সড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক পরিবারকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হতে হয়।
দুর্গত মানুষের জন্য সরকারি ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদও ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত