দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়িঃ প্রতিকূলতা পেরিয়ে উঠে আসা এক তরুণ কবির স্বপ্নের বাস্তবায়ন—খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায় ডিপ্লো ত্রিপুরার লেখা ‘ককবরক ভাষার কবিতা সংকলন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় হিরন্ময় স্মৃতি পাঠাগার ভবনে নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় পরিবারের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি প্রকাশ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষক চন্দ্র কিশোর ত্রিপুরা, বিশ্বসাহিত্য কেন্দ্র-এর ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা সুকেন চাকমা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
তবে পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ কবি ডিপ্লো ত্রিপুরা—যার জীবনসংগ্রামই যেন তাঁর লেখার মূল প্রেরণা। ২০০৬ সালের ৪ জুলাই খাগড়াছড়ির দীঘিনালায় জন্ম নেওয়া ডিপ্লো মাত্র পাঁচ বছর বয়সেই মাকে হারান। এরপর অনাথ আশ্রমে থেকে শুরু হয় তার শিক্ষাজীবন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি প্রাথমিক ও এসএসসি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন করেন।
ডিপ্লো ত্রিপুরা জানান, ছোটবেলায় জীবনানন্দ দাশ ও রবীন্দ্রনাথ ঠাকুর-এর লেখা পড়ে তাঁর মধ্যে কবিতা লেখার আগ্রহ জন্মে। ককবরক ভাষার অনেক শব্দ না জানার কারণে তিনি স্কুল লাইব্রেরি ও বিভিন্ন বই থেকে শব্দ সংগ্রহ করে নিজেকে সমৃদ্ধ করেন। সমাজ, জাতি ও প্রকৃতির বাস্তবচিত্রই তাঁর লেখার প্রধান বিষয়।
তিনি আরও বলেন, “কবিতার মাধ্যমে সমাজ ও জাতির জন্য কিছু করতে পারবো কিনা—এই ভাবনা থেকেই লেখা শুরু। ভবিষ্যতে চারুকলায় ভর্তি হয়ে চিত্রশিল্পী হতে চাই।”
প্রধান শিক্ষক তপু ত্রিপুরা বলেন, “ডিপ্লোকে বুঝতে আমাদের পাঁচ বছর সময় লেগেছে। তার প্রতিভা ও গল্পের পেছনে অনেক সংগ্রাম রয়েছে।” তিনি জানান, শিক্ষকেরা ও বিশেষ করে চন্দ্র কিশোর ত্রিপুরার সহযোগিতায় ডিপ্লো তার মেধা বিকাশের সুযোগ পেয়েছে।
চন্দ্র কিশোর ত্রিপুরা বলেন, “ডিপ্লোর এই বই শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের স্কুল ও এলাকার জন্য গর্বের বিষয়। এমন প্রতিভাকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সহকারী শিক্ষক সুতর ত্রিপুরাও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ‘ককবরক ভাষার কবিতা সংকলন’ গ্রন্থে মোট ৩৭টি কবিতা স্থান পেয়েছে। ককবরক ভাষার পাশাপাশি বাংলা ও রোমান হরফে উপস্থাপিত হওয়ায় এটি গবেষক, শিক্ষার্থী ও ভাষাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিশ্বসাহিত্য কেন্দ্র-এর পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত