আজহার হোসেন,মানিকগঞ্জ: ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বিশেষ বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে চলাচলের অন্যতম প্রধান সহায়ক উপকরণ। তাঁদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। সেই সাথে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপদ চলাচল ও অধিকার নিশ্চিতের আহ্বান জানান।
তাঁরা ফুটপাতে ট্যাকটাইল টাইলস স্থাপন, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ, গণপরিবহনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সাদাছড়ি ব্যবহারকারীদের চলাচলে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা শুধু সরকারের নয়, সমাজের সবার দায়িত্ব।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপি, কাউন্সেলিং ও চলাচলবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবক ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত