মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক চৌকস দলের অভিযানে প্যান্টের পকেটে কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২২ জুলাই (বুধবার) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী'র কাছ থেকে ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, ১টি স্মার্টফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যার সর্বমোট সিজার মূল্য প্রায় ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।
পাচারকারীর নাম মো. সাদিকুর রহমান সুমন (৩৩)। সে সাতক্ষীরা সদর থানার নলকুরা লাপসা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল জানতে পারে যে, ঢাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি স্বর্ণের চালান যশোরের ওপর দিয়ে সাতক্ষীরার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজের ওপর তল্লাশি চৌকি বসায় বিজিবি।
সকাল সাড়ে ৬টার দিকে সন্দেহভাজন সুমনকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরবর্তীতে তার প্যান্টের বিশেষ চেম্বারে লুকিয়ে রাখা ২২০.৪৯ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সাদিকুর রহমান সুমন স্বীকার করেছে, সে ঢাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর ও সাতক্ষীরা সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পাচার করার পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ২২০.৪৯ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। এছাড়া তার কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, "সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিজিবি সীমান্ত ও সীমান্ত সংলগ্ন এলাকায় নজরদারি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।
বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক নজরদারির কারণেই এই স্বর্ণের চালানসহ পাচারকারীকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। পাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।"
আসামি সাদিকুরের বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়েরের মাধ্যমে উদ্ধারকৃত মালামালসহ তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত