মো.সাহিদুল ইসলাম শাহীন:- প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে যশোরের শার্শায় অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’। ‘কৃষিই সমৃদ্ধি’—এই মুলমন্ত্রকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শার্শা-এর উদ্যোগে ও ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
মেলা উপলক্ষ্যে মঙ্গলবার(৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দঘন ও বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিশেষ পরিচিতি ক্যাপ পরে স্থানীয় কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশ নেন। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলার মূল প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে অতিথিরা ফিতা কেটে মেলার বিভিন্ন স্টলের উদ্বোধন করেন। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিষমুক্ত ফলমূল, তাজা শাকসবজি ও বিভিন্ন জাতের চারাগাছ প্রদর্শন করা হয়।
মেলার স্টল পরিদর্শন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, এ ছাড়া শার্শা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে কৃষকদের জন্য প্রতিকূল আবহাওয়া সহনশীল আধুনিক কৃষি প্রযুক্তি, পানির অপচয় রোধকারী আধুনিক সেচ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতির জীবন্ত প্রদর্শনী করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বিষেশজ্ঞগণ সরেজমিনে কৃষকদের আধুনিক কৃষির সুফল ও ব্যবহারবিধি বুঝিয়ে দেন।
কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারে আরও বেশি উৎসাহিত করতে হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কাটিয়ে উঠে ফলন সচল রাখতে আধুনিক স্মার্ট প্রযুক্তি গ্রহণ করা এখন সময়ের দাবি। এ ধরণের প্রযুক্তি মেলা প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত