শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরে এক নাবালককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি নাজিম মিয়া (২০)-কে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৩ জুন) র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (২২ জুন) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর সিপিসি-১ (জামালপুর ক্যাম্প) এবং র্যাব-৪-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাজিম মিয়াকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নাজিম মিয়া ভুক্তভোগী পরিবারের দূরসম্পর্কের আত্মীয়। গত ১ জুন বিকেলে তিনি শেরপুর সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া এলাকায় মো. বাননাছের বাড়িতে যান।
পরে তার ১২ বছর বয়সী ছেলে নুর ইসলামকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান।
ঘটনার পরদিন সকালে শিশুটির খোঁজ চাইতে গেলে নাজিম মিয়াসহ অন্য অভিযুক্তরা তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১২ ঘণ্টার মধ্যে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুসহ তার বাবাকে হত্যার হুমকিও দেয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ১৭ জুন শেরপুর সদর থানায় দণ্ডবিধির ৩৬১, ৩৬৩, ৩৮৫ ও ৩৪ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলার পর থেকেই প্রধান আসামি নাজিম মিয়া আত্মগোপনে ছিলেন। র্যাব জানায়, মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।
এরই ধারাবাহিকতায় অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। অপহৃত নাবালককে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত নাজিম মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত