শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। একই সঙ্গে সরকারি ভূমি সংরক্ষণ, খাসজমি পুনরুদ্ধার ও রাজস্ব আদায় বাড়াতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভায় এসব নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, সরকারি ভূমি সংরক্ষণ এবং ভূমিসেবার মানোন্নয়নসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে হবে।
সেবাগ্রহীতারা যাতে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমিসেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া সরকারি সম্পত্তি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত