শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর জেলা আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে শেরপুর সদর থানায় তিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দন কুমার পালকে পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। এসময় সাতদিনের রিমান্ডের আবেদন করলে উভয়পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাসান ভুঁইয়া অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনের আবেদন নামঞ্জুুর করে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একইসাথে আদালত রিমান্ডের বিষয়ে অধিকতর শুনানীর জন্য আগামী ২২ অক্টোবর তারিখ ধার্য করেন। গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রকে হত্যার অভিযোগে চন্দন কুমার পালসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে পৃথক তিনটি মামলা হয়।
এ তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বুধবার (১৬ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেপ্তার হন তিনি। পরে সেখান থেকে তাকে বৃহস্পতিবার সন্ধায় শেরপুরে আনেন সদর থানার পুলিশ।
উল্লেখ্য, এ্যাডভোকেট চন্দন কুমার পাল ৭৫ পরবর্তী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের দুদফায় সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির দুদফায় সভাপতি ও আওয়ামী লীগ সরকারের মেয়াদে দীর্ঘ প্রায় ১৫ বছর পাবলিক প্রসিকিউটর ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত