মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে আরও গতিশীলতা আনা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং হ্যান্ডেলিং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ জুন ২০২৬) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এই ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জারুল হক মান্না-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন বিদ্যমান সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত পণ্য খালাসের মাধ্যমে গতি বৃদ্ধি, ব্যবসায়ীদের সেবার মান উন্নয়ন এবং শ্রমিকদের দীর্ঘদিনের ন্যায্য মজুরি সংক্রান্ত দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।
দীর্ঘ আলোচনার পর হ্যান্ডেলিং শ্রমিকদের উত্থাপিত যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়, যাকে উপস্থিত শ্রমিক প্রতিনিধিরা আন্তরিকভাবে স্বাগত জানান।
সভায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জারুল হক মান্না বলেন: "বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রধান প্রবেশদ্বার। এই বন্দরের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় কর্তৃপক্ষ সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
সকল পক্ষের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে সমন্বয়ের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে।"
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামছুর রহমান তাঁর বক্তব্যে বলেন, "বেনাপোল বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর কর্তৃপক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।"
সংগঠনটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা ইতিবাচক আলোচনার প্রশংসা করে বলেন, "শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিসহ বিভিন্ন যৌক্তিক বিষয় নিয়ে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি, এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বন্দরের কার্যক্রমে এক নতুন গতি সঞ্চার হবে।"
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মেহের উল্লাহ, মুস্তাফিজজোহা সেলিম, শাহাবুদ্দিন এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী। এছাড়াও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সকলেই বেনাপোল স্থলবন্দরকে আরও আধুনিক, গতিশীল ও ব্যবসাবান্ধব বন্দরে রূপান্তর করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত