আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি ও ছাত্রলীগের দুই কর্মীসহ বিভিন্ন মামলায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী জেলা পুলিশের নির্দেশনায় সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত ফেনী মডেল থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ফেনী মডেল থানাধীন ৬ নম্বর কালিদহ ইউনিয়নের লালপোল এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দেহভাজন আসামি মো. শাহ আলম (৫৬) এবং ১১ নম্বর মোটবী ইউনিয়নের ভোর বাজার এলাকা থেকে সাইফুল ইসলাম (৪২)কে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক দুজনের মধ্যে শাহ আলম আওয়ামী লীগের এবং সাইফুল ইসলাম ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ফেনী শহরের বিভিন্ন এলাকায় মিছিল সংগঠনের পাশাপাশি পুনরায় মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশ জানিয়েছে। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এছাড়া ১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রুহুল আমিন (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি প্রদীপ কুমার শর্মা (৪৩)কেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা রয়েছে।
পুলিশের প্রেস রিলিজে আরও জানানো হয়, অভিযানে জিআর ওয়ারেন্টমূলে ২ জন, সিআর ওয়ারেন্টমূলে ৩ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৬ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং চুরি মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাক্ষরিত প্রেস রিলিজে বলা হয়, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত