খাগড়াছড়ি সদর উপজেলার ৮নং ওয়ার্ডের দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরার অবসরজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি ১৯৯৫ সালের ২২ জানুয়ারি শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ২০১১ সালের ১১ জুলাই থেকে উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন তিনি।
বুধবার (৩০ এপ্রিল ২০২৫) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, যিনি তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী খলেন জ্যোতি ত্রিপুরা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাক্তন শিক্ষার্থী দহেন বিকাশ ত্রিপুরা।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয় জ্যোতি ত্রিপুরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খঞ্জন জ্যোতি ত্রিপুরা। এছাড়া প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরার দীর্ঘ কর্মজীবনের সৃজনশীলতা ও অবদানের কথা তুলে ধরেন।
আলোচনার ফাঁকে বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষকেরা বিদায়ী শিক্ষককে উদ্দেশ্য করে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, অভিভাবক, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ, ৪ মাইল এলাকার বাসিন্দা, তৈইবাকলা পাড়াবাসী ও ৮নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত