ময়মনসিংহের ত্রিশাল উপজেলা-এর বৈলর ইউনিয়নের উজান বৈলর এলাকায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে লুৎফর রহমান মিলন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১০জুন বুধবার উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে বৈলর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে অভিযুক্ত লুৎফর রহমান মিলন, পিতা- আব্দুল লতিফ মন্ডল, নিজের অপরাধ স্বীকার করলে তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ফলে মোট সাজা দাঁড়ায় ১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
পরে সাজাপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে ত্রিশাল থানা-এর মাধ্যমে ময়মনসিংহ জেলা কারাগার-এ পাঠানো হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আরাফাত সিদ্দিকী। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় ত্রিশাল থানা এবং বৈলর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি রাস্তা বা সরকারি জায়গা অবৈধভাবে দখল, ক্ষতিসাধন কিংবা মৎস্য খামার নির্মাণের মাধ্যমে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
ইমরান হাসান
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত