সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে ‘নওগাঁ জেলা পশ্চিম আহলে হাদীস ওলামা সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ল'পাড়া দিঘীরহাটস্থ আল খলিফা ওমর ইবনুল খাত্তাব (রাঃ) জামে মসজিদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওলামায়ে কেরামগণ দ্বীনি শিক্ষার আধুনিকায়ন, সঠিক প্রশিক্ষণ, দাওয়াহ কার্যক্রমের সম্প্রসারণ এবং আর্তমানবতার সেবায় দাতব্য প্রকল্পসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার অফ সুন্নাহ ফর ইসলামিক স্টাডিজ-এর প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. কাউসার মুহাম্মদ এরশাদ মাদানী। তিনি তার বক্তব্যে বলেন, "সঠিক আকিদা ও আমল প্রচারের পাশাপাশি সমাজ সংস্কারে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে দাওয়াহ কার্যক্রমের কোনো বিকল্প নেই।"
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আলাদীপুর দারুলহুদা সালাফিয়াহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আলী এবং আবুবক্কর সিদ্দিক (রা.) কাওমী ও তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা কাউসার মাহমুদ।
বক্তারা তাদের আলোচনায় দ্বীনি শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে দাতব্য কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
এসময় নওগাঁ জেলা পশ্চিমের বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামায়ে কেরাম, মাদরাসা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত