
দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা—এই চার মূলনীতিতে উদ্বুদ্ধ হয়ে বিজিবির নবীন সৈনিকদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালন করতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলাই একজন সৈনিকের জীবনের প্রধান অলংকার। আদেশ পালন ও কর্তব্যে অবিচল থাকাই প্রকৃত সৈনিকের পরিচয়। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, সাহস ও উদ্দীপনা—এসব গুণাবলি একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতার মূল সূচক। নবীন সদস্যরা এসব গুণাবলির বাস্তব প্রতিফলন ঘটিয়ে বিজিবির ঐতিহ্যকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রায় ২৩০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকস ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার রোধ, মানবপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় বিজিবির ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গত ৪৪ বছর ধরে বিজিটিসিএন্ডসি বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে আসছে। স্বাধীনতার পর এ পর্যন্ত ৭২টি ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সক্ষমতা ৭০০ থেকে ১ হাজার জন, তবুও ১০৪তম রিক্রুট ব্যাচে একসঙ্গে ৩ হাজার ২৩ জন রিক্রুটকে (পুরুষ ২ হাজার ৯৫০ ও নারী ৭৩) মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের নির্দেশনা ও বিজিবি সদর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তুলে এই চ্যালেঞ্জিং প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। একসঙ্গে তিন হাজারের বেশি রিক্রুটকে প্রশিক্ষণ দিয়ে বিজিটিসিএন্ডসি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
নবীন রিক্রুটদের শৃঙ্খলাপূর্ণ কুচকাওয়াজ এবং সফল আয়োজনের জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শেষে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা ও নবীন সৈনিকদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
কুচকাওয়াজ শেষে নবীন সৈনিকদের চৌকস দল প্রধান অতিথিকে সশস্ত্র সালাম প্রদান করে। এরপর বিজিবির প্রশিক্ষিত সদস্যদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ট্রিক ড্রিল এবং সুসজ্জিত বাদকদলের পরিবেশনায় আকর্ষণীয় ব্যান্ড ডিসপ্লে প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত