হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা জনগোষ্ঠীর একজন সদস্য বা ট্রাস্টি নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর সংখ্যা তিন লাখের বেশি। তিন পার্বত্য জেলা ছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় তাদের বসবাস রয়েছে। ত্রিপুরা জনগোষ্ঠীর একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকায় ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না। এ অবস্থায় ধর্মীয় মূল্যবোধ ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে ট্রাস্টে একজন ত্রিপুরা সদস্য বা ট্রাস্টি নিয়োগের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে পার্বত্য চট্টগ্রামের চাকমা ও মারমা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকলেও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি নেই। বিষয়টি বিবেচনা করে ট্রাস্টে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক কুলনাথ বৈষ্ণব, লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিধর রোয়াজা, জোরমরম মৌজার হেডম্যান লিটন রোয়াজা ও কার্বারী জগদানন্দ ত্রিপুরা স্বাক্ষর করেন।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ ও ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত