মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর বেনাপোলে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বেনাপোলের কৃতি সন্তান,যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ।
আজ শুক্রবার (২৮ আগস্ট) নির্বাচনের প্রচার-প্রচারণার দ্বিতীয় দিনে পৌর এলাকার ১নং ওয়ার্ডের সাদিপুর গ্রামে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। বেনাপোল পৌরসভার উন্নয়নে আধুনিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন মো. ইমদাদুল হক ইমদাদ।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত ইমদাদুল হক ইমদাদ যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি একজন সফল সিএন্ডএফ ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারক। তার স্বচ্ছ ভাবমূর্তি ও দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটারদের মাঝে তার প্রতি রয়েছে প্রবল আগ্রহ।
শুক্রবার সকাল থেকেই দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক সাথে নিয়ে ১নং ওয়ার্ডের সাদিপুর গ্রামের পথে, ঘাটে, পাড়া-মহল্লায় ঘরে ঘরে যান ইমদাদুল হক ইমদাদ। তিনি প্রত্যেক ভোটারের খোঁজ-খবর নেন, কুশল বিনিময় করেন এবং অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে তাদের দীর্ঘদিনের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
এসময় ভোটারদের হাতে নিজের নির্বাচনী লিফলেট তুলে দেন এবং পৌরসভাকে নাগরিকদের জন্য একটি নিরাপদ ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গণসংযোগকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশু-কিশোর থেকে শুরু করে আবাল-বৃদ্ধ-বনিতা—সবাই তাকে কাছে পেয়ে তাদের প্রত্যাশার কথা জানান। বিশেষ করে এলাকার বয়োজ্যেষ্ঠ ভোটারদের সাথে কথা বলার সময় তিনি তাদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
বয়স্করাও হাসিমুখে তাকে স্বাগত জানান এবং মাথায় হাত রেখে দোয়া করেন। ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত সাড়া ও আন্তরিকতায় অভিভূত হয়ে ইমদাদুল হক ইমদাদ তার প্রচারণাকে আরও বেগবান করার আশ্বাস দেন।
প্রচারণা শেষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে আলাপকালে মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, "আমি এই মাটির সন্তান। আপনাদের সুখ-দুঃখে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করেছি।
আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে বেনাপোল পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব, যেখানে দল-মত নির্বিশেষে সবাই সমান নাগরিক সুবিধা পাবে। আজকের গণসংযোগে জনসাধারণের যে অভাবনীয় ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।"
তিনি আরো বলেন,"বেনাপোল কেবল একটি পৌরসভা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির মূল প্রবেশদ্বার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আন্তর্জাতিক এই সীমানা শহরটি আজ নানা নাগরিক সুবিধাবঞ্চিত। আমি বেনাপোলেরই সন্তান; এই মাটির মানুষের সংকট আমি খুব কাছ থেকে দেখেছি।
আপনারা যদি আমাকে সেবার সুযোগ দেন, তবে কোনো দলীয় সংকীর্ণতা নয়, বরং সততা ও স্বচ্ছতার সাথে বেনাপোলকে একটি আধুনিক, সবুজ ও দুর্নীতিমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলব।"
এসময় স্থানীয় প্রবীণ ভোটার ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মন্তব্য করেন যে, তরুণ নেতৃত্বের উদ্যোগ ও আন্তরিকতা পৌরসভার দীর্ঘদিনের স্থবিরতা দূর করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সাদিপুর গ্রামের এই গণসংযোগে স্থানীয় রাজনৈতিক সহযোদ্ধা, তরুণ ছাত্র-যুব নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ ভোটাররা তার সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
এ ছাড়াও ঐ ওয়ার্ডের গণসংযোগকালে তার সাথে যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত