আস্থাই তাঁর বিজয় : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নাসির খন্দকার

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ , ৪ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান, নেত্রকোণাঃ নেত্রকোনার কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাসির খন্দকার। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সততা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে সদস্যদের সর্বসম্মত সমর্থন পেয়েছেন তিনি।

গত ৩১ জুলাই সমিতির সাধারণ সভায় সভাপতি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। প্রতিক্রিয়ায় নাসির খন্দকার বলেন,
“নেতৃত্বের লড়াই আমি করিনি। সদস্যদের ভালোবাসা আর আস্থাই আমাকে এই আসনে বসিয়েছে। এখন আমার দায়িত্ব—এই আস্থার সম্মান রক্ষা করা।”

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর তাঁর অগ্রাধিকার হবে—
১) দলিল লেখকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা,
২) নবীনদের কাজের সুযোগ করে দেওয়া,
৩) সাব-রেজিস্ট্রি অফিসের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা,
৪) দুর্নীতিমুক্ত ও জনবান্ধব রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিত করা,
৫) সমিতির আর্থিক ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখা।

এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সবুজ খন্দকার। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের এই সমন্বয়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে সমিতির সদস্যদের মধ্যে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নাসির খন্দকার দলিল লেখার পেশায় যুক্ত। এর আগে তিনি সাব-রেজিস্ট্রি অফিসে স্ট্যাম্প ভেন্ডার হিসেবে কাজ করেছেন। স্ট্যাম্প বিক্রির কাজ করতে করতেই দলিল লেখার কাজে আগ্রহ তৈরি হয় এবং ২০১৩ সালে তিনি লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। পেশাগত নিষ্ঠা, সততা ও জনসেবামূলক মনোভাব তাঁকে করে তুলেছে একজন আস্থাভাজন ও জনবান্ধব দলিল লেখক।

নাসির খন্দকারের বাড়ি কেন্দুয়া পৌর শহরের দিগদাইড় গ্রামে। তাঁর পিতার নাম আব্দুর রউফ খন্দকার। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। শৈশব থেকেই যুক্ত ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে। ছাত্রদলের রাজনীতির ধারাবাহিকতায় বর্তমানে তিনি উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দায়িত্ব পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, মানুষের আস্থা অর্জনের চেয়ে বড় জয় আর কিছু নেই।

মন্তব্য লিখুন

আরও খবর