ঐতিহ্য হারাচ্ছে বাগেরহাটের ষাটগম্বুজ

প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সংগৃহীত ছবি।

রক্ষণাবেক্ষণের অভাবে নানা অশালীনতা ও অশ্লীলতায় ঐতিহ্য হারাচ্ছে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজের ঐতিহ্য। হারাচ্ছে পবিত্রতাও। দীর্ঘদিন ধরে যথাযথ তদারকি ও সচেতনতামূলক ব্যবস্থার অনুপস্থিতির কারণে এই প্রাচীন কলার নিদর্শনটি আজ নানা প্রতিকূলতার মুখে পড়েছে।

স্থানীয় দর্শনার্থী ও পর্যটকদের একটি অংশের দায়িত্বহীন আচরণের ফলে এর ঐতিহাসিক পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা কেবল একটি ধর্মীয় স্থাপনাই নয়, এটি বাংলাদেশের স্থাপত্য, সংস্কৃতি, ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের অনন্য স্মারক। সুলতানি আমলের এই বহুমুখী কীর্তি দেখতে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন।

কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা এবং প্রশাসনিক নজরদারির অভাবে এই পুরাকীর্তির পবিত্রতা আজ হুমকির মুখে পড়েছে। ঐতিহাসিক এই স্থানটির মর্যাদা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল ও ইতিহাসপ্রেমীরা।