• অপরাধ শীর্ষ সংবাদ
  • কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ, ছুরি দেখিয়ে হুমকি

কমলগঞ্জের শমসেরনগরে ফার্মেসিতে চাঁদা দাবির অভিযোগ, ছুরি দেখিয়ে হুমকি

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে ফার্মেসিতে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি, কর্মচারীকে মারধর ও দোকান মালিককে ছুরি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ ২৬ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ফার্মেসির মালিক সোহেল আহমদ (৩০)।

অভিযোগে বলা হয়, আজ শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে শমসেরনগর বাজারের ভানুগাছ রোডেরস্হ কালীবাড়ি এলাকায় সোহেল আহমদের এস এস ড্রাগহাউস ফার্মেসিতে মো.শিহাব মিয়া (২০) প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, প্রেসক্রিপশন দেখিয়ে কর্মচারীর সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এক কর্মচারীকে কিল-ঘুষি মারার অভিযোগ করা হয়েছে।

তার আত্মচিৎকার শুনে দোকানের পেছন থেকে সোহেল আহমদ এগিয়ে এলে অভিযুক্ত  হাতে থাকা ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দোকান থেকে বের হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয় বণিক কল্যাণ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয় বলে অভিযোগকারী দাবি করেছেন। তার কাছে ঘটনার সিসিটিভি ফুটেজ ও সাক্ষী রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনার পর হুমকি-ধমকি পাওয়ার দাবি করে নিজের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অভিযোগে শিহাব মিয়ার বিরুদ্ধে কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার দাবিও করা হয়েছে। তবে এসব দাবির স্বতন্ত্র সত্যতা যাচাই করা হয়নি।

অভিযোগকারী ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।

এ বিষয় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন বলেন – অভিযোগ পেয়েছি তদন্তের জন্য শমশেরনগর পুলিশ ফাড়িতে পাটিয়েছি। তদন্ত হলে ঘটনার বিস্তারিত আরও পরিষ্কার হবে।

এ বিষয়ে মো.শিহাব মিয়ার বক্তব্য নেওয়ার জন্য মোঠো ফোনে একাধিক বার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য লিখুন

আরও খবর