খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পিআইবি’র দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আসন্ন গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি তিনি তরুণ সংবাদকর্মীদের জন্য আরও বেশি প্রশিক্ষণ আয়োজন এবং ভবিষ্যতে শুধুমাত্র তরুণ সাংবাদিকদের নিয়েও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা ও বক্তব্য রাখেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল এবং পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা সদরসহ জেলার আটটি উপজেলা থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।