খাগড়াছড়িতে রুফটপ সোলার সম্প্রসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ , ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

রুফটপ সোলার সম্প্রসারণে স্থানীয় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবেলা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রবিবার (২২ ফেব্রুয়ারি) এ কর্মসূচির আয়োজন করে ফেড-খাগড়াছড়ি। এতে সহযোগিতা করে জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন এবং বিডব্লিউজিইডি।

‘১০ লাখ রুফটপ সোলার, ১০ লাখ কর্মসংস্থান’ প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনটি সঞ্চালনা করেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, খাগড়াছড়ির সদস্য ও সাংবাদিক নুরছাফা মানিক। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে টেকসই জ্বালানি সুবিধা নিশ্চিত করতে স্থানীয় সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। হেডম্যান ইখিন চৌধুরী স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী জ্বালানি সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতার বিষয়টি তুলে ধরে বলেন, এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

তিনি কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে পাহাড়ি জনগোষ্ঠীর ক্ষতির প্রসঙ্গ উল্লেখ করে বিকল্প জ্বালানি হিসেবে সৌরশক্তির ওপর গুরুত্ব আরোপ করেন। প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রসঙ্গে জাবারাং কল্যাণ সমিতির প্রতিনিধি দয়ানন্দ ত্রিপুরা বলেন, ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। তিনি উল্লেখ করেন, দেশে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য উৎসের অংশ এখনও সীমিত।

টিআইবি-সনাক খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মোহাম্মদ নুরুল আলাল, জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সোলার প্যানেল স্থাপনে প্রণোদনা ও নীতিসহায়তা বৃদ্ধির দাবি জানান।

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম বলেন, সঠিক নীতিমালা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা গেলে রুফটপ সোলার খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আনন্দের প্রতিনিধি শ্যামল রোজারিও জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের পরিবেশগত ও অর্থনৈতিক প্রভাবের বিষয়টি তুলে ধরে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।

সভাপতির বক্তব্যে আলো-র নির্বাহী পরিচালক ও ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এর সভাপতি অরুণ কান্তি চাকমা সৌরশক্তিকে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করে সরকার ও বেসরকারি খাতকে যৌথভাবে রুফটপ সোলার সম্প্রসারণে এগিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রুফটপ সোলার স্থাপনে ভর্তুকি ও সহজ ঋণ সুবিধা প্রদান, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা দ্রুত বাস্তবায়ন, পার্বত্য ও প্রান্তিক এলাকায় সোলার বিদ্যুৎ সম্প্রসারণ এবং তরুণ ও নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।