চট্টগ্রাম-১৫ এ ভোটের যুদ্ধ শুরু—মনোনয়নপত্র জমা নাজমুল মোস্তফা আমিনের

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ , ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাজমুল মোস্তফা আমিন। মনোনয়নপত্র জমাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও আলোচনার ঝড়।

গতকাল সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, চট্টগ্রাম-১৫ আসনের জনগণ পরিবর্তন চায়। সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে আমি আপসহীন থাকবো। জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে বিজয় অর্জনের আশাবাদী।

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবে।

এদিকে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই বলেন, নাজমুল মোস্তফা আমিন দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য হাজি রফিকুল আলম, শেফায়ত উল্লাহ চক্ষু, ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন ও সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা হাজি সামাদ প্রমূখ।

মন্তব্য লিখুন

আরও খবর