• রংপুর শীর্ষ সংবাদ
  • তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন তারেক হোসেন

তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন তারেক হোসেন

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , ২২ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নবাসীর কাছে প্রতিশ্রুত ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই প্রতিশ্রুতি পূরণে ইউনিয়নবাসীর জন্য একটি মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন চেয়ারম্যান তারেক হোসেন।

জানা গেছে, প্রায় ১ মাস হলো ইউনিয়নবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং জরুরি চিকিৎসাসেবা দ্রুত পৌঁছে দিতে সম্পূর্ণ নিজ উদ্যোগে এই অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন তিনি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, “আমাদের ইউনিয়নের কোনো সাধারণ মানুষ যেন জরুরি চিকিৎসার অভাবে কিংবা উপযুক্ত পরিবহন না পেয়ে কষ্ট না পান, সেজন্যই এই উদ্যোগ।

এটি কেবল একটি অ্যাম্বুলেন্স নয়, বরং ইউনিয়নবাসীর জন্য একটি জরুরি জীবনরক্ষাকারী সেবা। দিন-রাত ২৪ ঘণ্টা যেকোনো মূহুর্তে আমাদের সাধারণ মানুষ এই সেবা পাবেন।”

তিনি আরও বলেন, ‘শুধু তেল খরচ ও চালকের বকশিশ দিলেই চিকিৎসার প্রয়োজনে যেকোনো রোগী নিতে পারবেন এই সেবা।

তবে কেউ তেল খরচ ও চালকের বকশিশ দিতে কষ্টসাধ্য মনে করলে বিনামূল্যে এই সেবা গ্রহন করবেন।’ তিনি বলেন, অ্যাম্বুলেন্স চালু হওয়ার এক মাসে বিনামূল্যেই সেবা দিয়ে আসছেন।

দীর্ঘদিন ধরে ইউনিয়নে কোনো জরুরি অ্যাম্বুলেন্স সুবিধা না থাকায় দুস্থ ও আশঙ্কাজনক রোগীদের হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হতো।

বিশেষ করে গর্ভবতী নারী ও প্রবীণদের চিকিৎসার জন্য দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য। চেয়ারম্যানের এই জনকল্যাণমুখী উদ্যোগে পুরো ইউনিয়ন জুড়ে প্রশংসার জোয়ার বইছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই অ্যাম্বুলেন্স চালু হওয়ার ফলে তাদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান হয়েছে এবং জরুরি মুহূর্তে এখন খুব সহজেই মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে।

মন্তব্য লিখুন