ত্রিশালে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালে জমি ও বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধাকে মারধর, গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. জাহারা খাতুন (৭৫) ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহারা খাতুন উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের চক রামপুর (বাজার সংলগ্ন) এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মৃত আব্দুল মালেক। অভিযোগে তিনি গোলাম মোস্তফা (৬০), মোতালেব (৩৮), মতাছান (৩৫) ও হাবিবুর রহমান (৩২)-সহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিরোধ ও হয়রানির অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা অভিযোগকারীর বসতবাড়ি সংলগ্ন জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে গালাগাল, মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি তাদের পোল্ট্রি ফার্ম ও গরুর গোয়ালঘরের বর্জ্য এবং টয়লেটের বিষ্ঠাসহ দূষিত পানি অভিযোগকারীর জমিতে ছেড়ে দেওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এতে বসতবাড়ির আশপাশে পানি জমে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা তাঁর ছেলে মো. সেলিম মিয়াকে ত্রিশাল থানাধীন চক রামপুর বাজারে জয়নাল মাইন উদ্দিনের ফার্মেসির দোকানের সামনে রাস্তার ওপর মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

এ সময় ঘটনাস্থলের কিছু দূরে থাকা অভিযোগকারীর অপর ছেলে মোহাম্মদ মিয়া (৫০), হুমায়ুন কবির (৪০) ও সোহেল মিয়া (৩৮) এগিয়ে গেলে তাদেরও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে অভিযুক্তরা অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন এবং সুযোগ পেলেই মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বৃদ্ধা জাহারা খাতুন।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক ওয়াসিম মির্জা বলেন, জাহারা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।