নওগাঁয় শতবর্ষী বটবৃক্ষের নিচে সনাতন সম্প্রদায়ের মন্ডপ পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪২ পূর্বাহ্ণ , ৮ জুন ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

পূজা শব্দ টি উচ্চারিত হলেই চোখে সামনে ভেসে আসে ঢাকঢোল আর ধূপগন্ধীর দৃশ্য। আর সেই পূজা যদি সনাতন ধর্মাবলম্বীদের সংস্কৃতির মিলন মেলায় পরিণত হয় তাহলে ভিন্ন এক আনন্দের অনুভূতি প্রকাশিত হয়। ঠিক এমনি একটি পূজা রূপী মেলা অনুষ্ঠিত হয়ে গেলো নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর মন্ডপ পূজা মন্দিরে।

শতবর্ষী বটবৃক্ষের নিছে দিন ব্যাপি ঘটা করে আয়োজন করা হয় এই মেলার। নানান রকম সাজসজ্জা আর বাহারি দোকানের গ্রামীন পরিবেশে সনাতন সম্প্রদায়ের মন্ডপ পূজায় নানান বয়সী মানুষের আগমনে মিলনমেলায় পরিণত হয় রামনগরের এই মন্ডপের মেলা। বিভিন্ন নকশা করা মুখোশ পড়ে উলুধ্বনি আর ঢাকের তালে নৃত্য পরিবেশন করে গতকাল শুক্রবার সারাদিন পালন করা হয়েছে এই পূজার রীতি।

হাজারো মানুষের উপস্থিতিতে এই পূজার কার্যক্রম পরিচালনা করেন পূজা কমিটির সদস্যরা। মেলার সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শক করেছেন চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি ও নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। পুরো মেলা জুড়েই ছিলো প্রশাসনের কঠোর নিরাপত্তাবলয়। সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে আনন্দ ঘন পরিবেশে শেষ হলো এই বারের রামনগরের ঐতিহ্যবাহী মন্ডপের পূজা, যার পরবর্তীতে রূপ নেয় মেলায়।

এই বিষয়ে চন্দননগর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি ও উক্ত মন্ডপ পূজার সভাপতি অনুকুল বর্ম এর সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরেও আমাদের মন্ডপ পূজা শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। যুগ যুগ ধরে পালন করা এই রীতি আমাদের বংশীয় সংস্কৃতির অংশ।