নবীনগর পৌরসভা নির্বাচন: মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন মাসুদ রানা

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ , ২৫ মে ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মাসুদ রানা। এসময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নবীনগর পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সভায় মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে রাজনীতি করে আসছেন এবং ভবিষ্যতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের রাজনীতি করে যাবেন।

তিনি বলেন, “আমি নবীনগর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।পৌর এলাকার যানজট ও জলজট নিরসনে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন পৌরশহর গড়তে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি নিজেকে একজন “ক্লিন ইমেজের” প্রার্থী হিসেবে জনগণের সামনে তুলে ধরতে চান।

মাসুদ রানা আরও বলেন, “আমি পারিবারিকভাবে সচ্ছল। পৌরসভা থেকে কিছু নেওয়ার জন্য নয়, বরং জনগণকে দেওয়ার জন্য রাজনীতিতে এসেছি।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট এম এ মান্নানের বিজয়ে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনেও তাদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতায় যদি আমি মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে এমপি এডভোকেট এম এ মান্নানের পরামর্শ ও দিকনির্দেশনায় নবীনগর পৌরসভাকে সারাদেশের মধ্যে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

সভায় তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পরে সাংবাদিকদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।