পরশুরামে ১৭০ বোতল ভারতীয় মদ ও এম্বুলেন্স সহ আটক ২

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ , ২০ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু-এর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে পরশুরাম থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বোতলগুলো ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, “পরশুরাম ক্লিনিক” নাম ব্যবহারকারী একটি অ্যাম্বুলেন্সে করে মাদকগুলো পরিবহন করা হচ্ছিল। অভিযানের সময় অ্যাম্বুলেন্সটি আটক করা হয় এবং এতে থাকা ১৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— জসিম উদ্দিন (৫১), পিতা: আলী আশরাফ, মাতা: মৃত নূর বাহার আক্তার। তাঁর স্থায়ী ঠিকানা পশ্চিম সাহেবনগর (চৌধুরী বাড়ি), ৪নং ওয়ার্ড, মির্জানগর ইউনিয়ন। বর্তমানে তিনি পশ্চিম অনন্তপুর, গোয়াল গ্রাম (দুলাল কোম্পানির বাড়ি), ৩নং ওয়ার্ড, পরশুরাম পৌরসভায় বসবাস করেন।

অপর আসামি মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১), পিতা: মিজানুর রহমান, মাতা: রোজিনা আক্তার। তাঁর বাড়ি দক্ষিণ কোলাপাড়া, ৫নং ওয়ার্ড, পরশুরাম পৌরসভা, থানা-পরশুরাম, জেলা-ফেনী।

পরশুরাম থানা পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালান ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

মন্তব্য লিখুন