• খুলনা শীর্ষ সংবাদ
  • পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভ্যান খাদে

পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভ্যান খাদে

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছা পৌর এলাকায় শিবসা ব্রিজের সম্মুখ সড়কে ডিমবোঝাই একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাছকাটা সংলগ্ন শিবসা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভ্যানচালক মুহিদুল ইসলাম জানান, তিনি উপজেলার কপিলমুনি এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ডিম নিয়ে সোলাদানা ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেন।

পাইকগাছা পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার ও কোর্ট এলাকা অতিক্রম করে শিবসা ব্রিজে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটি সড়ক থেকে প্রায় ৫০ ফুট নিচের পার্শ্ববর্তী রাস্তায় পড়ে যায়।

এতে ভ্যানে থাকা ডিম ভেঙে নষ্ট হয়ে যায়। তবে দুর্ঘটনার সময় মুহিদুল ইসলাম দ্রুত ভ্যান থেকে লাফিয়ে পড়ায় তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পান। এ ঘটনায় ডিম ও ভ্যান মিলিয়ে আনুমানিক প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক থেকে ব্রিজের উচ্চতা তুলনামূলক বেশি হওয়ায় প্রায়ই ছোট ও ভারী যানবাহন ব্রিজে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ট্রাক, নসিমন ও ইটবোঝাই ট্রলি প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে। তাদের দাবি, দ্রুত ব্রিজের দুপাশে গাইডপোস্ট স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।

এদিকে এ বিষয়ে একাধিকবার বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। এবং এ সড়কটি সড়ক ও জনপদ বিভাগ খুলনা এর অধীনে হওয়ায় স্থানীয়ভাবে কোনো পদক্ষেপ নিতে পারছেন না সংশ্লিষ্টরা। তাছাড়া খুলনা সড়ক ও জনপদ বিভাগ থেকে এ সমস্যার সুরাহা করার আশ্বাস দিলেও এ যাবৎ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, প্রায় ২০ বছর আগে নির্মিত শিবসা ব্রিজের দুপাশে স্থাপিত গাইডপোস্ট নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভেঙে যায়। দীর্ঘদিন ধরে তা পুনঃস্থাপন না করায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর