• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির হাওয়া

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে স্বস্তির পথে এগোচ্ছে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এ হাসপাতালটিতে সরকারিভাবে ২৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে চিকিৎসক সংখ্যা ছিল মাত্র ৬ ছয়জন।

ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের পড়তে হতো চরম ভোগান্তিতে। অবশেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আটজন নতুন মেডিকেল অফিসার যোগদান করায় স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার হয়েছে।

উপজেলার একমাত্র সরকারি এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক স্বল্পতার কারণে এতদিন রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বহির্বিভাগ ও অন্তর্বিভাগ—দুই ক্ষেত্রেই পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেবার মান ব্যাহত হচ্ছিল।

জরুরি বিভাগেও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। এ পরিস্থিতিতে স্থানীয় গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নবযোগদানকারী চিকিৎসকরা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। ফলে জরুরি বিভাগসহ নিয়মিত চিকিৎসা কার্যক্রমে গতি আসবে এবং রোগীরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

উপজেলাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের চিকিৎসক সংকট লাঘবের মাধ্যমে এখন থেকে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার রোগীরা উপকৃত হবেন বলে তারা প্রত্যাশা করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান জানান, দীর্ঘদিন পর একসঙ্গে আটজন চিকিৎসক যোগদান করায় এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আমরা আশা করছি। সেই সাথে আমরা সেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

মন্তব্য লিখুন

আরও খবর