• চট্রগ্রাম দেশজুড়ে
  • বিএনপি নেতার মিথ্যা মামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির সংবাদ সম্মেলন

বিএনপি নেতার মিথ্যা মামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ , ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বিএনপি নেতার দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জেলা এনসিপি নেতারা জানান, গত ২১ জুলাই খাগড়াছড়িতে “জুলাই পদযাত্রা” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে জেলা এনসিপির নেতৃবৃন্দসহ সাহসী সংগঠক শাহ নেওয়াজ, বেলালসহ অনেক নেতা-কর্মী অংশ নেন।

কিন্তু গত ১০ আগস্ট খাগড়াছড়িতে বিএনপির এক নেতা রাজনৈতিক উদ্দেশ্যে এনসিপির দুই নেতা ও আরও কয়েকজন কর্মীর নামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া মামলা দায়ের করেন। মামলায় তাদেরকে আওয়ামী লীগ কর্মী হিসেবে দেখানো হয়েছে, যা তারা ‘ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ বলে দাবি করেছেন।

এনসিপির নেতারা অভিযোগ করেন, মামলায় অভিযুক্তরা হলেন— শাহ নেওয়াজ রহমান (২৮), শফিকুল ইসলাম ওরফে গলাকাটা শফি (৪৮), মো. বেলাল হোসেন (৩০), তাজুল ইসলাম ওরফে ট্রাক্টর তাজু (৫৫) এবং মো. নাজমুল (২৫)—যাদের সবার পরিচয়ই এনসিপি রাজনীতির সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের সাথে নয়।

এনসিপি নেতারা আরও বলেন, “আমরা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে সক্রিয় ছিলাম। অথচ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে। মামলার বাদী অভিযুক্তদের চেনেন না। এটি রাজনৈতিক হয়রানির কৌশল।”

তারা অবিলম্বে মামলা থেকে তাদের নাম প্রত্যাহার ও মামলাটি সম্পূর্ণ বাতিল করার দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং হয়রানি বন্ধের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এনসিপি কেন্দ্রীয় দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক ও খাগড়াছড়ি জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, এনসিপি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, থুইচিং মারমা, রাহাত হোসেন বেলাল্, আকলিমা আক্তার সহ জেলা এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর