ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুর

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ , ২৫ মে ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার ১০৪ পাওয়ার হাউজ রোড এলাকায় যমুনা টেলিভিশনের এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) বাড়িতে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, এর আগে গত ২৮ এপ্রিল তার ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তিনি আহত হন এবং তার হাতে চারটি সেলাই দিতে হয়। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি পাওয়ার পর একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

তার অভিযোগ, পূর্বের হামলা ও হুমকির ধারাবাহিকতাতেই পরিকল্পিতভাবে রোববার তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র নষ্ট করে ফেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।