
শেখ সালমান আহমেদ, মধুখালিঃ আজ বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬: দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি ও গ্যাস সরবরাহ নিয়ে নানামুখী ভোগান্তির মধ্যে ফরিদপুরের মধুখালীতে তীব্র আকার ধারণ করেছে এলপিজি (অটোগ্যাস) সংকট। গত কয়েক দিন ধরে উপজেলার একাধিক ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এলপিজিচালিত যানবাহনের মালিক ও চালকরা।
সরেজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের প্রবেশদ্বারে ‘যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত গ্যাস বন্ধ’ কিংবা ‘গ্যাস সরবরাহ বন্ধ’ সংবলিত নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। গ্যাস না পেয়ে প্রতিদিন চালকদের গাড়ি নিয়ে স্টেশনের চত্বর থেকে হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে।
ভুক্তভোগী চালকরা জানান, নিয়মিত গ্যাস না পাওয়ায় তাদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গেছে। কেউ কেউ বাধ্য হয়ে বেশি খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করছেন, যার ফলে পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এক চালক আক্ষেপ করে বলেন, “গাড়ি চালিয়েই আমার সংসার চলে। গ্যাস না পেলে গাড়ি বন্ধ রাখতে হয়, এমতাবস্থায় পরিবার নিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে।”
একই ধরনের দুর্ভোগে পড়েছেন স্থানীয় রেন্ট-এ-কার ব্যবসায়ীরা। এলপিজি সংকটের কারণে তাদের একাধিক গাড়ি অলস পড়ে রয়েছে। গাড়ি বন্ধ থাকলেও চালকের খোরাকি, গাড়ির কিস্তি এবং রক্ষণাবেক্ষণ খরচ ঠিকই বহন করতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে সাধারণ বাসিন্দারা জানান, সম্প্রতি টানা লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, অফিস-আদালত ও কলকারখানার কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছিল। যদিও বর্তমানে লোডশেডিং কিছুটা কমেছে, তবে নতুন করে এই এলপিজি সংকট জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
অন্যদিকে, ফিলিং স্টেশন মালিকদের দাবি—আমদানিকারক কোম্পানিগুলো পর্যাপ্ত পরিমাণে এলপিজি সরবরাহ করছে না। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অপচেষ্টার অংশ হিসেবেই এই সরবরাহ কমানো হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
তবে আগামী ৩ অক্টোবরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এবং পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া যাবে বলে তারা আশা প্রকাশ করছেন।
দ্রুত এই সংকটের প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের তদন্ত দাবি করেছেন স্থানীয় ভোক্তা ও চালকরা। পাশাপাশি, বাজারে কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...