মেসিদের ভেন্যু শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ , ২০ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
সংগৃহীত ছবি।

বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর যুক্তরাষ্ট্রের ডালাসে তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।

আগামী সোমবার আজেন্টিনার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এই শহরেই। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সফরের দুই দিন আগে এই আকস্মিক বিপর্যয়। শহরটিতে চরম আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

গেল শুক্রবার সকালে ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় রেকর্ড পরিমাণ ভারি বৃষ্টির কারণে তীব্র জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা সৃষ্টি হয়।

পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ডালাস ফায়ার-রেসকিউ বিভাগের সব গাড়ি পানিতে আটকে পড়া যানবাহন উদ্ধারের কাজে নিয়োজিত করতে হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর স্থানীয় বাসিন্দাদের জন্য ‌‘ক্রিটিক্যাল’ আবহাওয়া সতর্কতা জারি করেছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। জরুরি ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হন বা রাস্তায় ভ্রমণ না করেন।

আগামী সোমবার (২২ জুন) ডালাসের আর্লিংটন স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।

ফুটবল ভক্তদের জন্য আশার কথা হলো, আর্লিংটনের এই স্টেডিয়ামটিতে একটি স্বয়ংক্রিয় ছাদ রয়েছে। ফলে মাঠ বা পিচ প্লাবিত হওয়ার কোনো আশঙ্কা নেই।

তবে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের কারণে দলগুলোর যাতায়াত এবং দর্শকদের স্টেডিয়ামে পৌঁছানো কিছুটা বাধাগ্রস্ত হতে পারে।

মন্তব্য লিখুন

আরও খবর