সাজেকে হামলার অভিযোগে খাগড়াছড়ি-রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ

প্রকাশিত: ৪:০৮ পূর্বাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ তুলে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পর্যটকেরা।

সকালে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় অবরোধকারীদের। এ ছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্ল্যাছড়ি, দীঘিনালা, পানছড়ি ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

অবরোধের কারণে জেলার নয়টি উপজেলায় সড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা আটকা পড়েছেন। তবে শনিবার সকাল পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ি শহরে আটকে পড়া এক যাত্রী বলেন, জরুরি কাজে গন্তব্যে যাওয়ার জন্য সকালে বের হয়েছিলেন। কিন্তু অবরোধের কারণে কোনো যানবাহন না পেয়ে বিপাকে পড়েছেন। অন্যদিকে, স্থানীয় এক বাসিন্দা জানান, জরুরি প্রয়োজনে জেলার অন্য উপজেলায় যাওয়ার কথা থাকলেও যান চলাচল বন্ধ থাকায় যেতে পারছেন না। তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন।

এদিকে সাজেকে ভ্রমণে যেতে না পেরে কয়েক দিন ধরে খাগড়াছড়িতে অবস্থান করছেন এক পর্যটক। তিনি জানান, সাজেক ভ্রমণের উদ্দেশ্যে বুধবার খাগড়াছড়িতে আসেন। সাজেকে যেতে না পেরে রাঙামাটি শহর ঘুরে আবার খাগড়াছড়িতে ফিরে আসেন। এরপরও পর্যটনকেন্দ্রে যেতে না পারায় হতাশ তিনি। অবরোধ শেষ হলে ঢাকায় ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শহরের চেঙ্গী স্কয়ার, স্বনির্ভর, জিরো মাইল ও আলুটিলাসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের দুটি মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, ঢাকা থেকে আসা রাতের বাসগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে।

অবরোধের কারণে সৃষ্ট যান চলাচলের বিঘ্নে সাধারণ যাত্রী ও পর্যটকদের ভোগান্তি বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর