কমলগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান গ্রেফতার

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টাকালে আটক ১।ছবি- সময়ের আবর্তন

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

এদিকে চেয়ারম্যানকে গ্রেফতারের খবর পেয়ে তার ছেলে শিমুল ও তার ভাগিনা মতিউর রহমান সহ শতাধিক সমর্থক সহ থানায় এসে পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল করে ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, ‘আটককৃত এ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর সময় তার ছেলে শিমুল ও তার ভাগিনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের গাড়ি আটকিয়ে হট্টগোল ও আসামীকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় পুলিশের জোরালো তৎপরতায় আসামির অনুসারীরা পিছু হটে। এসময় আসামীর ভাগিনা মতিউর রহমানকে আটক করে পুলিশ।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামীর বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানকে শনিবার বিকেলেই মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘থানা থেকে আসামীকে আদালতে পাঠানোর সময় হট্টগোল ও আসামীকে ছিনতাইয়ের চেষ্ঠার  সময় মতিউর নামে একজনকে আটক করা হয়েছে ও বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’