কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ , ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের সম্মুখের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী ও যানবাহন চালক।

সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহন চলাচলের সময় গর্তে জমে থাকা কাদা-পানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।

আদমপুর বাজারের ব্যবসায়ী মো. সিকন্দর আলী বলেন,আদমপুর-উপজেলা সড়ক দিয়ে ফরেস্ট অফিসে যাওয়ার পথে এসিল্যান্ড অফিসের সামনে অফিস থেকে বের হওয়া একটি গাড়ির চাকা গর্তের কাদা-পানি ছিটিয়ে দেয়। এতে আমার কাপড় নষ্ট হয়ে যায়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

সার্ভেয়ার মো. আব্দুল মুক্তাদির বলেন,এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। বড় বড় গর্তের কারণে চলন্ত গাড়ির চাকায় কাদা-পানি ছিটকে পথচারীদের ভোগান্তি হচ্ছে। দ্রুত সংস্কার করা জরুরি।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন,সড়কটি অনেক খারাপ হয়ে গেছে। আগামী অর্থবছরের বরাদ্দ থেকে সড়কটির সংস্কার কাজ করা হবে।

স্থানীয়দের দাবি, উপজেলা ভূমি অফিসের সামনের গুরুত্বপূর্ণ এ সড়ক দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।