খাগড়াছড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণ: এক আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ , ৬ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. শাহিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানান, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করে এক বছরের মধ্যেই আদালত রায় দিয়েছেন। তিনি বলেন, “এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত হয়নি।” তিনি জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।