খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, সহসভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বক্তারা আশা প্রকাশ করেন, পুনর্গঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে দেশবাসীর সামনে তুলে ধরবে।

সভায় সর্বসম্মতিক্রমে পুরোনো কমিটি বিলুপ্ত করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মল্লিককে সভাপতি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্যকে সহসভাপতি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজুকে সাধারণ সম্পাদক এবং চ্যানেল ২৫-এর জেলা প্রতিনিধি নুরুরছাপা মানিককে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

সভায় সংগঠনের আগামী দিনের কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর