ত্রিশালে এক পরিবারের ৪ বাক-প্রতিবন্ধীর পাশে এমপি লিটন, নগদ সহায়তা ও বাড়ির আশ্বাস

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , ২৮ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক পরিবারের চার জন্মগত বাক-প্রতিবন্ধী সদস্যের দুর্দশার সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন।

রোববার (২৮ জুন) সকালে সংসদ সদস্যের পক্ষে তাঁর প্রতিনিধি আ. ন. ম. ফারুক আহমেদ উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামে শামীম মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

পাশাপাশি শামীম মিয়ার কর্মসংস্থানের জন্য একটি দোকানের ব্যবস্থা এবং পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামাল উদ্দিন আকন্দ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিবারের সদস্যরা তাদের দীর্ঘদিনের দুর্দশার কথা তুলে ধরেসহযোগিতার জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমপি প্রতিনিধি আ. ন. ম. ফারুক আহমেদ বলেন, “এক পরিবারের চারজন বাক-প্রতিবন্ধীর বিষয়ে জানতে পেরে সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন আমাকে দ্রুত পরিবারটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বর্তমানে সংসদ অধিবেশন চলায় তিনি নিজে উপস্থিত হতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেছি।

এটি একটি মানবিক উদ্যোগ। পাশাপাশি শামীমের কর্মসংস্থানের জন্য একটি দোকানের ব্যবস্থা এবং পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের একটি পরিবারের চার সদস্য জন্মগতভাবে বাক-প্রতিবন্ধী। তারা হলেন শামীম মিয়া (৩৮), তাঁর ছোট ভাই সুমন মিয়া, ছোট বোন সাকিন এবং সাকিনের ছেলে সাজ্জাদ মিয়া।

কথা বলতে না পারলেও তারা জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য শামীম মিয়া ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে একটি ভাড়া দোকানে চায়ের স্টল চালিয়ে সংসার পরিচালনা করছেন। সীমিত আয়ে বড় পরিবার চালাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাকে।

নিজেদের থাকার জন্য একটি ছোট ঘর ছাড়া উল্লেখযোগ্য কোনো সম্পদও নেই তাদের। এমন বাস্তবতার মধ্যেই তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন।

মন্তব্য লিখুন

আরও খবর